ফেইসবুকের ছবি প্রচারকারী সেই তরুণ গ্রেপ্তার
রামুর সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় পুলিশ চট্টগ্রাম থেকে এক তরুণকে গ্রেপ্তার করেছে, যিনি ফেইসবুকে থাকা অবমাননাকর ছবি নামিয়ে স্থানীয় বাসিন্দাদের দেখিয়েছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার মো. আব্দুল মোক্তাদির আরিফ (১৮) রামুর শ্রীকূল গ্রামের শাহাবউদ্দিনের ছেলে।
তিনি চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপ্লোমা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র বলে এএসপি জানান।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে।”
উত্তম বড়–য়া নামে রামুর এক যুবকের ফেইসবুক প্রোফাইলে কোরআন অবমাননাকর ছবি থাকার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় র্র্ধমীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
এএসপি বাবুল আক্তার জানান, ঘটনার দিন বিকালে আরিফ রামু বাজারে একটি মোবাইল ফোনের দোকানে বসে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে উত্তম বড়–য়ার প্রোফাইলে যায় এবং সেইসব ‘অবমাননাকর’ ছবি স্থানীয় লোকজনকে দেখায় ও ডাউনলোড করে।
পরে রাতে এর প্রতিবাদ জানিয়ে রামু বাজারে সমাবেশ করে পাঁচ শতাধিক লোক। সেই সমাবেশ থেকেই মিছিল নিয়ে বৌদ্ধ বসতিতে হামলা চালানো হয়।
ঘটনার পর ‘ফারুক কম্পিউটার টেলিকম’ নামে ওই দোকানের মালিক ফারুককে আটক করা হয়। কিন্তু মুক্তাদির পালিয়ে ছিলেন।
পুলিশ কর্মকর্তা বাবুল আকতার বলেন, “মুক্তাদিরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে সে ঘটনায় জড়িত থাকার সত্যতা স্বীকারও করেছে।”
