২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি দেখে সর্বোচ্চ নিরাপত্তা: সিইসি

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 09:00 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংলাপে তিনি বলেন, ‘তখনকার পরিস্থিতি দেখে’ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ‘আগামী নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই’ এমন কথা বলার পরদিন গণমাধ্যমের সমালোচনা করে সিইসি জানান, সেনা মোতায়েন নিয়ে গণমাধ্যমে তার বক্তব্য সঠিকভাবে আসেনি। এনইসি মিলনায়নে সংলাপের স্বাগত বক্তব্যে কাজী রকিব বলেন, “জাতীয় নির্বাচনে কী ধরনের ব্যবস্থা নেয়া প্রয়োজন- নির্বাচনের বছর খানেক আগে তা বলা সঠিক হবে না। প্রতিটি নির্বাচনে স্থানীয় অবস্থা দেখে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়টি ঠিক করা হয়। প্রয়োজনে সর্বোচ্চ নিরাত্তা ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, স্থানীয় পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত পুলিশ, আনসার, বিজিবি আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। এরপর আনসার, ভিডিপি, এপিবিএন নিয়োগ করা হয়। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় টহল দেন। একজন নির্বাহী হাকিম এর নেতৃত্ব দেন। “গণপতিনিধিত্ব আদেশ অনুসারে ইসি সেনা বাহিনী তলব করতে পারে। রাষ্ট্রপতিও প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন। আর্মি-নেভির সদস্যরা বেসামরিক প্রশাসনের সহায়তায় অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করেন। ২০০১ সালের আগে নির্বাচনগুলোতে তা করা হয়েছে”, বলেন সিইসি। প্রয়োজন হলে আগামীতেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত দেন সিইসি। সংলাপে অংশ নিয়ে একজন সম্পাদক বলেন, নির্বাচনের এতো আগে সেনা মোতায়েন করা হবে না বলে ইসি বিতর্কের জন্ম দিয়েছে। সমাপনী বক্তব্যেও সেনা মোতায়েন প্রসঙ্গে আবার কথা বলেন সিইসি। তিনি বলেন, “নির্বাচনের আগে লোকাল পরিস্থিতি দেখে আমরা আইন-শৃঙ্খলার বিষয়টি স্থির করি। ছোট নির্বাচনে প্রয়োজনে বিজিবি ব্যবহার করি। জাতীয় নির্বাচনে তখনকার পরিস্থিতি দেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।” মঙ্গলবার কুটনীতির সঙ্গে বৈঠক শেষে সিইসির উদ্ধৃতি দিয়ে ইসি সচিব মোহাম্মদ সাদিক সাংবাদিকদের জানান, বৈঠকে একজন রাষ্ট্রদূত আগামী জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলাবাহিনীর পরিকল্পনা এবং সুনির্দিষ্টভাবে সেনা মোতায়েন করা হবে কি না কথা জানতে চান। “এর প্রত্যুত্তরে সিইসি জানান, আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। আইন শৃঙ্খলায় র‌্যাব, পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনী থাকবে। তবে দুর্যোগের মতো বিশেষ পরিস্থিতিতে সেনা মোতায়েন করা হয়। প্রয়োজন হলে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনা মোতায়েন করা হতে পারে।” সংবাদ মাধ্যমে আসা ইসি সচিবের বক্তব্যে তার কথা সঠিকভাবে প্রতিফলিত হয়নি মন্তব্য করে সিইসি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যম কর্মীদের পরামর্শ দেন। চারজন নির্বাচন কমিশনার এবং প্রায় অর্ধশত গণমাধ্যম প্রতিনিধি এই সংলাপে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৪৫৫ ঘ.