ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সপ্তাহের মধ্যে মহার্ঘ্যভাতা এবং ডিসেম্বরের মধ্যে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।
ইনু বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কর্মচারীদের কল্যাণে সবকিছুই করতে সরকার অঙ্গীকারবদ্ধ। আগামী সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন মহার্ঘ্যভাতা প্রদান এবং ডিসে¤¦রের মধ্যেই অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে।”
এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
সাংবাদিক নেতারা ‘নিউজ পেপার’স অ্যামপ্লয়িজ সার্ভিসেস অ্যান্ড কমিশন অ্যাক্ট ১৯৭৪ প্রত্যর্পণে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ ব্যাপারে একটি কমিটি গঠনের ঘোষণা দেন।
বৈঠকে হত্যা ও নির্যাতনের শিকার সাংবাদিকদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
গত ১৮ জুন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে পর্ষদ গঠন করে সরকার।
এ বোর্ডকে ছয় মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে সুপারিশ পেশ করতে বলা হয়। ইতোমধ্যে প্রায় চার মাস পেরিয়ে গেলেও বোর্ড সাংবাদিকদের প্রত্যাশিত মহার্ঘ্য ভাতার ঘোষণা দেয়নি।
নিয়ম অনুযায়ী, বোর্ডের প্রথম সভাতেই মহার্ঘ্য ভাতার প্রস্তাব চূড়ান্ত করে ঘোষণা করার কথা।
বৈঠকে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম ছাড়াও সাংবাদিক নেতাদের মধ্যে ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমীন গাজী, আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, শাবান মাহমুদ, আব্দুস শহীদ, বাকের হোসেন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপারস প্রেস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন খান ও মহাসচিব কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এএল/১৯৫৪ ঘ.
bdnews24