খুলনা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌবাহিনীর জন্য দেশে প্রথম পেট্রোল জাহাজ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড।
সোমবার বিকাল ৪টায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শিপইয়ার্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে রূপসা নদীতে ভাসিয়ে জাহাজটির উদ্বোধন করেন।
ওই সময় বাদক দল একটি দেশাত্ববোধক গানের সুর তোলে।
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থানা পরিচালক কমডোর রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ উপস্থিত ছিলেন।
দীপু মনি বলেন, বিশ্ববাজারে জাহাজ নির্মাণের চাহিদা কাজে লাগাতে চায় বাংলাদেশ। অপরদিকে একটি সুসংগঠিত নৌবাহিনী গড়ে তুলতে সরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে। যত দ্রুত সম্ভব নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় নৌবাহিনীর এই জাহাজের নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন। নৌবাহিনীর জন্য এরকম পাঁচটি জাহাজ বানাবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। প্রতিটি জাহাজে গড়ে ব্যয় হবে ৫৮ কোটি টাকা।
৫০ দশমিক ৪ মিটার দৈর্ঘ্য, ৭ দশমিক ৫ মিটার প্রস্থ এবং ৪ দশমিক ১ মিটার গভীরতার এ জাহাজটিতে বিমান ও জাহাজ বিধবংসী ৩৭ মিলিমিটারের দু’টি কামান ও বিমান বিধবংসী ২৫ মিলিমিটারের আরো দু’টি কামান রাখা যাবে বলে জানান শিপইয়ার্ডের কর্মকর্তারা।
ঘণ্টায় ২৩ নটিকাল মাইলের (প্রায় ৩৭ মাইল) এ জাহাজটি নির্মাণে চায়না শিপবিল্ডিং এন্ড অবসো কোম্পানি কারিগরি সহায়তা দিয়েছে। বাইরে থেকে এই ধরনের একটি জাহাজ আমদানি করলে অন্তত ১০০ কোটি টাকা খরচ বলে দাবি করেন শিপইযার্ডের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24