২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

রাজশাহীর চর মাঝারদিয়াড় এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

রাজশাহী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চর মাঝারদিয়াড় এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাতে চরমাঝারদিয়ার পশ্চিমপাড়ার বাসিন্দা এলাকার শুক্কুর আলীর ছেলে সুজন আহমেদ নিহত হন বলে এলাকাবাসী জানিয়েছে। চরমাঝারদিয়ার পশ্চিমপাড়ার মাসুম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ১২টার সুজন আহমেদসহ কয়েকজন বাংলাদেশি যুবক ভারতীয় মালামাল আনতে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় চোরাচালানের টাকাপয়সা নিয়ে বিএসএফ’র সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বিএসএফ’র গুলিতে সুজন নিহত হন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়। পবা থানার ওসি রমজান আলী বলেন, সকালে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.