ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়েছে শতাধিক ঘর।
রোববার রাতে লাগা এই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অগ্নি নির্বাপণ বাহিনীর দুই কর্মী।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে অগ্নি নির্বাপণ বাহিনী জানিয়েছে।
রাত ১১টার দিকে অগ্নি নির্বাপণ বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের কথা জানানো হলেও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি কর্তব্যরত কর্মকর্তা।
তবে স্থানীয়রা জানায়, আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
হতাহতের কথা কেউ নিশ্চিত করতে না পারলেও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে বস্তিবাসী জানায়।
আগুন নেভাতে অগ্নি নির্বাপণ বাহিনীর ১০টি ইউনিট কাজ করে। আগুন নেভাতে গিয়ে ফায়ারম্যান আলমগীর হোসেন এবং মোবারক আহত হন বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি অগ্নি নির্বাপণ বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচএ/এমআই/২৩২৫ ঘ.
bdnews24