সিরাজগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে।
রোববার বিকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া সড়কের গোজা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় নিহতের পরিবার।
নিহতরা হলেন- উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত ফরহাদ হোসেনের মেয়ে খলিসাকুড়া গ্রামের ফজিলা খাতুন (৪০) ও শহরের বাহিরগোলা মহল্লার নজরুল ইসলামের স্ত্রী জলি খাতুন (৩৫)।
নিহত ফজিলা খাতুনের স্বামী আলী আকবর সাংবাদিকদের বলেন, রাস্তা পার হওয়ার সময় ফজিলা ও জলিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ফজিলা ঘটনাস্থলে এবং জলি সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
সন্ধ্যায় নিহতদের লাশ বাড়িতে আনা হয় বলে জানান আলী আকবর।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু এর আগে নিহতের স্বজনরা লাশ বাড়ি নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৫ ঘ.
bdnews24