২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় জিম্মি ৭ নাবিককে নিয়ে স্বজনদের উদ্বেগ

“দুই সপ্তাহের মধ্যে ৭ লাখ ডলার মুক্তিপণ দেয়ার সিদ্ধান্ত না জানালে সাত নাবিককে হত্যার হুমকি দিয়েছে জলদস্যুরা।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালি জলদস্যুদের হাতে জিম্মি সাত নাবিকের জীবন নিয়ে উদ্বেগাকূল হয়ে পড়েছেন তাদের স্বজনরা। রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বলেছেন, দুই সপ্তাহের মধ্যে ৭ লাখ ডলার মুক্তিপণ দেয়ার সিদ্ধান্ত না জানালে সাত নাবিককে হত্যার হুমকি দিয়েছে জলদস্যুরা। মালয়শীয় একটি জাহাজে কর্মরত ওই বাংলাদেশি নাবিকরা ২০১০ সালের নভেম্বর থেকে সোমালিয়া উপকূলে জিম্মি। জিম্মিদের মধ্যে ভারতীয় এক নাবিককে এরই মধ্যে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জিম্মি নাবিকদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বজনরা। মুক্তিপণের অর্থ সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদনও জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে জিম্মি নাবিক আমিনুল ইসলামের বাবা নুরুল ইসলাম ও সুরমা আক্তার এবং জিম্মি আরেক নাবিক জাকির হোসেনের বাবা আবুল কালাম ও মা মাজেদা বেগম উপস্থিত ছিলেন। আমিনুল ও জাকির উভয়ের পরিবার চট্টগ্রামের বাসিন্দা। নূরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আমিনুল দস্যুদের মোবাইল ফোন থেকে তাকে মুক্তিপণের কথা জানান। তিনি বলেন, “আমিনুলকে জিম্মিদের নেতা বানানো হয়েছে এবং তার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ জন্য আমিনুলকে বেশি নির্যাতন করা হচ্ছে।” আমিনুলের সঙ্গে বৃহস্পতিবার প্রায় ১০ মিনিট কথা হয়েছে জানিয়ে সুরমা বলেন, “আমার ছেলেসহ সাতজনকে হাত-পা বেঁধে জঙ্গলে রাখা হয়েছে। দুটি রুটি ও এক লিটার পানি ছাড়া আর কোনো ধরনের খাবার না দিয়ে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালাচ্ছে জলদস্যুরা।” সন্তানদের ওপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাবিকদের স্বজনরা। সুরমা বলেন, কয়েকদিন আগে ভারতীয় এক নাবিককে হত্যা করা হয়েছে বলেও আমিনুল জানিয়েছেন। নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ছেলের সঙ্গে কথা হওয়ার পর দস্যুদের মুক্তিপণ দাবির বিষয়টি নৌপরিবহনমন্ত্রী, নৌ সচিব ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছেন তারা। এক্ষেত্রে ব্যবস্থা নেয়ার আশ্বাসও পাওয়া গেছে। আমিনুল ও জাকির ছাড়া জিম্মি অন্য পাঁচ বাংলাদেশি নাবিক হলেন- সাতক্ষীরার গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, আবুল কাশেম, নুরুল হক ও চাঁদপুরের লিমন সরকার। ২০১০ সালের ৩১ জুলাই এই সাত বাংলাদেশি নাবিক এমভি আলবেদো জাহাজের কাজে যোগ দেয়। চট্টগ্রামের ম্যানিং এজেন্ট এভারশিয়ার মেরিন সার্ভিসেস কোম্পানি তাদের কাজের ব্যবস্থা করে দেয়। নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের ২৬ নভেম্বর ভারত মহাসাগর থেকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইরানের ২৬ জন নাবিকসহ এমভি আলবেদো জাহাজ ছিনতাই করে সোমালিয়ার উপকূলে নিয়ে যায় জলদস্যুরা। গত ১ আগস্ট মুক্তিপণ দিয়ে পাকিস্তানিরা তাদের সাত নাবিককে ছাড়িয়ে নিয়েছে বলে জানান তিনি। এখন বাংলাদেশের সাত, শ্রীলঙ্কার ছয়, ইরানের এক ও ভারতের এক নাবিকসহ মোট ১৫ জন নাবিক সোমালি ওই জলদস্যুদের হাতে জিম্মি রয়েছে বলে জানান নূরুল ইসলাম। সোমালি জলদস্যুদের হাতে জিম্মিদশা থেকে এর আগেও কয়েকজন বাংলাদেশি মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এমআই/২০৩৩ ঘ.