ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়ায় চালিত বাণিজ্যিক মোটরযান ও ব্যক্তিগত ব্যবহারের গাড়ির নিবন্ধন (নিবন্ধন) ও মালিকানা বদলসহ অন্যান্য পরীক্ষা ও সেবার ‘ফি’ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৭তম বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ভাড়ায় চালিত সব ধরনের বাণিজ্যিক মোটরযানের (বাস, ট্রাক, অটোরিকশা) রেজিস্ট্রেশন এবং মালিকানা বদলের ফি ১৫ শতাংশ এবং অবাণিজ্যিক মোটরযানের ক্ষেত্রে ৪০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া পরীক্ষা ও সেবা (গাড়ি চালনার দক্ষতা যাচাই, লাইসেন্স ডুপ্লিকেট ফি, শিক্ষানবিশ লাইসেন্স ফি, ফিটসেন সার্টিফিকেট) ফি ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী।
এ সিন্ধান্ত কবে নাগাদ কার্যকর হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “ফি বৃদ্ধির সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর এ ফি বাড়বে।”
অবশ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আইয়ূবুর রহমান খান বলেছেন, ফি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করতে ৫ থেকে ৬ মাস সময় লেগে যাবে।
অন্যদের মধ্যে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১২৫০ ঘ.
bdnews24