২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা রহস্যজনক’

আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে ট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে ট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনা খতিয়ে দেখতে বিএনপির করা তদন্ত কমিটি শনিবার পটিয়ায় উপজেলার লাখেড়া ও কোলাগাঁও গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। এরপর ওই কমিটির প্রধান মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, “রামুতে যখন ঘটনা ঘটেছিল তখন সেখানে আইনশৃঙ্খলা বাহিনী নীরব ছিল। একইভাবে পটিয়াসহ অন্যান্য স্থানেও আইনশৃঙ্খলা বাহিনী নীরব ছিল।” “প্রশাসন সচেতন ও আন্তরিক থাকলে এ ঘটনা এড়ানো যেত।” ‘আইনশৃঙ্খলা বাহিনীর এ নীরবতা রহস্যজনক’ বলেও মন্তব্য করেন মওদুদ আহমেদ। তিনি বলেন, “হামলায় ক্ষতিগ্রস্তরা নিরাপত্তা পায়নি। রামুতে ঘণ্টার পর ঘণ্টা তাণ্ডব হলেও প্রশাসন নীরব ছিল।” বিএনপির গঠিত তদন্ত কমিটির সদস্যরা শনিবার বিকাল সোয়া ৩টায় প্রথমে লাখেড়া অভয় বৌদ্ধ বিহারে পরিদর্শন করে বৌদ্ধ ভিক্ষু ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। পরে অন্যান্য ক্ষতিগ্রস্ত মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শন করেন তারা। আগের দিন কক্সবাজারের রামুতে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তারা। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত ২৯ অক্টোবর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর হয়। পরদিন সকালে চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও একই ধরনের হামলা হয়। বিএনপির এই তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদ, রুহুল আলম, গৌতম চক্রবর্তী ও অধ্যাপক সুকুমল বড়–য়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/এএইচ/২৩০৭ ঘ.