চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার সকালে শিংনগর সীমান্তে আটক মো. বশিরুদ্দিন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের শিংনগর-মুন্সীপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অপারেশন অফিসার মেজর খন্দকার আবু নাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের ৫’শ মিটার ভিতরে একটি ফাঁকা মাঠ থেকে বশিরকে আটক করা হয়।
“তার কাছে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। সে ভারত থেকে এগুলো এনেছে বলে জানিয়েছে,” বলেন বিজিবি কর্মকর্তা।
তিনি বলেন, বশিরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে বিজিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৭০৪ ঘ.
bdnews24