কক্সবাজার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি ক্রাইমসিন ইউনিটের তদন্ত দলের প্রধান সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্রু শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৯ সেপ্টেম্বর রাতের হামলায় ব্যবহৃত বিভিন্ন আলামত আমরা জব্দ করেছি।”
“এ হামলায় ব্যবহৃত হাত বোমার খোসা, গান পাউডারের পোড়া আলামত ও রাসায়নিক তরল পদার্থসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।”
এসব আলামত সিআইডির ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান তিনি।
এএসপি হ্লা চিং প্রু জানান, সিআইডির ১৫ সদস্যের এ দলটি গত ৩ অক্টোবর রামুতে তদন্ত শুরু করে। শুক্রবার তাদের তদন্ত কার্যক্রমের শেষ দিন ছিল।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধবসতিতে তা-ব চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ওই হামলায় রামু উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। ভাংচুর ও লুটপাট চালানো হয় শতাধিক বাড়ি ও দোকানে।
খবর পেয়ে পরদিন সকালেই রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বসতি পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর ও শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।
ওই হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কারো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নুরুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের কমিটি করে ১০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়।
হামলার পর পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগের মধ্যে রামু থানার ওসিকে প্রত্যাহার করা হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে রামু থেকে এখন পর্যন্ত ৬৭ জনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এসইউ/২২৪৭ ঘ.
bdnews24