২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার রামু যাচ্ছেন প্রধানমন্ত্রী

রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির এবং বসতবাড়ি পরিদর্শনে সোমবার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 05:05 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

কক্সবাজার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির এবং বসতবাড়ি পরিদর্শনে সোমবার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছাবেন বলে তার প্রটোকল কর্মকর্তা শেখ আকতার হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়েছে। শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। কক্সবাজার পৌঁছে রামু যাবেন শেখ হাসিনা। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও অনুদানের চেক বিতরণ করে বেলা ১টায় তিনি কক্সবাজারে ফিরবেন। কক্সবাজার পৌঁছে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিকাল সাড়ে ৩টায় তার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। এদিকে শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ও বিএনপি’র তদন্ত কমিটি রামু যাচ্ছে। ড. মিজানুর রহমান রামু উপজেলার ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির পরিদর্শন, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। বিএনপির তদন্ত কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে কমিটির অপর সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকোমল বড়–য়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২৫৫ ঘ.