খুলনা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের তদন্ত কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তদন্ত কমিটির একটি দল খুলনায় তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করে।
তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খুলনা সার্কিট হাউজের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ১৫/২০ জন সাক্ষ্য দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন সাক্ষী বলেন, খুলনার টুটপাড়ায় একটি বাড়িতে (বর্তমানে আনসার ক্যাম্প) মাওলানা ইউসুফ মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার ক্যাম্প গঠন করেছিলেন। সেখানে রাজাকারদের রিক্রুট ও ট্রেনিং দেয়া হতো। এই ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন ও হত্যা করা হয়। তিনি তাদের কান্নার আওয়াজ ও চিৎকার শুনেছেন।
জামায়াত নেতা মাওলানা ইউসুফের বিরুদ্ধে তদন্তের জন্য মঙ্গলবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই সদস্যের একটি তদন্ত দল মঙ্গলবার রাতে খুলনায় যায়। শুক্রবার তদন্ত দলের সদস্যরা বাগেরহাটে স্বাক্ষ্য গ্রহণ করবেন।
এদিকে বুধবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য ও সাবেক আইজিপি এম সানাউল হক খুলনা সার্কিট হাউজে খুলনার মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার্স ফোরাম, প্রজম্ম একাত্তরসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
সভায় এম সানাউল হক বলেন, জাতীয় পার্টি (এ) নেতা ও যশোরের কেশবপুরের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজের বেশ অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য ১৯টি জেলায় একটি করে তদন্ত ইউনিট গঠন করা হবে। খুলনাতেও একটি তদন্ত ইউনিট গঠন করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৫৫ ঘ.
bdnews24