চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের তিনটি কাঁচাবাজারকে ফরমালিন ও রাসায়নিকমুক্ত করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)।
এজন্য পরীক্ষাগার স্থাপনে প্রয়োজনীয় সরঞ্জামও বিদেশ থেকে সংগ্রহ করছে সিএমপি।
নগরীর ষোলশহর ২ নম্বর গেইট, চৌমহুনী কর্ণফুলী মার্কেট ও কাজীর দেউড়ি কাঁচাবাজারে এসব পরীক্ষাগার স্থাপন করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার।
তিনি বলেন, “বাজারে আনা সবজি, মাছ, মাংস ও ফল এসব পরীক্ষাগারে পরীক্ষা শেষেই কেবল বিক্রির জন্য দোকানে রাখা যাবে।
“পরীক্ষাগারগুলোতে পুলিশ সদস্য ছাড়াও বাজার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মাঝে মাঝে বিএসটিআই প্রতিনিধি দল এসে পরীক্ষাগারগুলো তদারক করবেন।”
কোনো ব্যবসায়ী তাদের মালামাল পরীক্ষাগারে পরীক্ষা না করে বাজারে বিক্রির জন্য রাখতে পারবে না।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এই পরীক্ষাগারগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও রাসায়নিক যুক্তরাষ্ট্র থেকে আনা হবে।
বাজারে স্থাপিত এই পরীক্ষাগারগুলো তদারকির জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি করে মনিটরিং টিম গঠন করা হবে।
তবে ফলে দেওয়া ফরমালিন বা রাসায়নিক দ্রব্য এই পরীক্ষাগারে সনাক্ত করা যাবেনা। এ বিষয়টি দেখবে বিএসটিআই। এব্যাপারে ব্যবস্থা নিতে ও সরঞ্জাম সংগ্রহের জন্য তাদের অনুরোধ করা হয়েছে বলে জানান বনজ কুমার মজুমদার।
কেডিএস গ্রুপ, ওয়েল ফুড, ইস্পাহানী গ্রুপ এবং স্মার্ট জিন্স নামের চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এব্যাপারে সিএমপিকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে।
এদিকে, বৃহস্পতিবার নগর পুলিশের সদর দপ্তরে কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি, বিএসটিআই এবং অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন নগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২১৪৯ ঘ.
bdnews24