ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওসমানী উদ্যানে মাটিচাপা দেওয়া এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক তিন বছর বয়সী ছেলেটির পরিচয় জানতে পারেনি পুলিশ। তার পরনে ছিল চেক গেঞ্জি, নিচের অংশে কোনো পোশাক ছিল না।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে পথশিশুরা ওসমানী উদ্যানের কামানের পিছনের অংশের মাটি থেকে দুটি হাত বেরিয়ে থাকতে দেখে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুটিকে দুই/তিন দিন আগে শ্বাসরোধ করে হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয়েছে বলে ওসির ধারণা।
তিনি বলেন, “এর সঙ্গে অপহরণের কোনো ঘটনাও থাকতে পারে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৫০ ঘ.
bdnews24