২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ফরাসি বইয়ের মেলা

বাংলা ও ইংরেজিতে অনূদিত ফরাসি সাহিত্য এবং নানা বিষয়ে প্রকাশিত সমকালীন বই নিয়ে মেলা শুরু হয়েছে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা ও ইংরেজিতে অনূদিত ফরাসি সাহিত্য এবং নানা বিষয়ে প্রকাশিত সমকালীন বই নিয়ে মেলা শুরু হয়েছে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে। বৃহস্পতিবার বিকালে ধানম-িতে আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারি জুমে প্রতিষ্ঠানটির ঢাকা কেন্দ্রের পরিচালক অলিভিয়ে লিতভিন তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। আলিয়ঁস ফ্রঁসেজের সঙ্গে যৌথভাবে এ মেলার আয়োজন করেছে বই আমদানিকারক ও প্রকাশক সংস্থা ‘চর্চা’। অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মেলার গণমাধ্যম সহযোগী। উদ্বোধনী অনুষ্ঠানে চর্চার পরিচালক সাব্বির বিন শামস বলেন, “ফরাসী ইতিহাস, দর্শন এবং সাংস্কৃতিক বইগুলো ইংরেজী এবং বাংলা অনুবাদ পাঠকদের হাতের নাগালে পৌছে দেয়াই এ মেলার মুখ্য উদ্দেশ্য।” বিখ্যাত ফরাসি সাহিত্যিকদের লেখার বাংলা অনুবাদ ছাড়াও সাহিত্য ও কলা, সমসাময়িক সাহিত্য, শিশু সাহিত্য, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি নিয়ে বিভিন্ন বাংলা ও ইংরেজি বই মেলায় স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আফসান চৌধুরী বলেন, “শুধু দর্শন বা অন্য মোটা মোটা বইয়ের চেয়ে পাঠকদের কাছে জনপ্রিয় এমন বইগুলো আরো বেশি পরিমাণে থাকলে বেশি ভালো হতো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের আর্টস সম্পাদক কবি নুরুল হুদা বলেন, “ভালো বইয়ের আবেদন কখনোই শেষ হয়ে যায় না। এ আয়োজনের মাধ্যমে পাঠকরা ফরাসি সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলোর সাথে পরিচিত হবার সুযোগ পাবে।” মেলা থেকে কিছু বই বাছাই করে সেগুলোর ওপরে আলোচনা ও পর্যালোচনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘আর্টস’ বিভাগে প্রকাশ করার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। মেলার দ্বিতীয় পর্ব আগামী ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজের গুলশান শাখায় অনুষ্ঠিত হবে। দুই পর্বেই বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা মেলা খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৯৪২ ঘ.