২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ঘন্টার বৃষ্টিতেই বন্দরনগরীতে কোমরপানি

তিন ঘন্টার বৃষ্টিতেই পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন ঘন্টার বৃষ্টিতেই পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ বর্ষণে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, চকবাজার, প্রবর্ত্তক মোড়, আগ্রাবাদসহ নিচু এলাকাগুলোয় কোমর সমান পানি জমে যায়। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা নিলুফার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২ টা থেকে বেলা তিনটা পর্যন্ত নগরীতে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে, নগরীতে হঠাৎ বৃষ্টিতে রস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বিঘিœত হয়। ফলে ওইসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় পথচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া খান বলেন, “সকাল বেলা রোদ দেখে ক্যাম্পাস থেকে বাসার উদ্দেশে রওনা দিয়েছিলাম। কিন্তু শহরে এসে দেখি বৃষ্টিতে ষোলশহর এলাকা পুরো ডুবে গেছে।” এদিকে, চট্টগ্রাম আদালতের আইনজীবী মো. আতিক ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে অল্প বৃষ্টিতেই নগরীতে এখন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তিনি জানান, চকবাজার থেকে আদালতে আসার পথে তাকে বহনকারী সিএনজি অটো রিকশাটি পানিতে ডুবে বিকল হয়ে গেছে। আবহাওয়া কর্মকর্তা নিলুফার আরও জানান, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে। আগামী দুই থেকে তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ইউএস/এইচএ/১৯২৩ ঘ.