২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষকদের কথা শুনবেন হাসিনা’

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনায় বসতে চেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কু-ু বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষক নেতাদের সঙ্গে বসতে চেয়েছেন।” আগামী রোববার বা সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক হতে পারে বলে জানান তিনি। এই শিক্ষক নেতা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন পাওয়ার পরবর্তী কর্মসূচি নির্ধারণে ঐকজোট জরুরি সভায় বসেছে। পরে এ বিষয়ে সাংবাদিকদের জানানো হবে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের দিকে যেতে ব্যর্থ হয়ে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়ায় বেলা ১২টা থেকে পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিক্ষকরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগোলে তাদের বাধা দেয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বাধা ডিঙিয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ১৫ থেকে ২০ জন আহত হয় বলে শিক্ষকরা অভিযোগ করেন। দুপুর ১টার দিকে নুরুজ্জামান, সুব্রত কুমার, মনিরুজ্জামান ও বাহারুল ইসলাম নামে চার শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বাধা পেয়ে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। তাদের বিক্ষোভের কারণে পল্টন-প্রেসক্লাব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি এশারত আলী অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। সরকার এমপিওভুক্তির ঘোষণা দিলেই রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাবেন বলে জানান তিনি। এমপিওভুক্তির দাবিতে গত সোমবার নতুন করে এ আন্দোলন শুরু করে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবারও তারা দিনভর প্রেসক্লাব ও শাহবাগ এলাকায় বিক্ষোভ করেন এবং প্রধানমন্ত্রীর কাছে স্মরকলিপি দেন। দাবি মেনে নিতে আহ্বান মিজানুরের আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। বৃহস্পতিবার বিকালে শিক্ষকদের সমাবেশে সংহতি জানিয়ে তিনি বলেন, “আমি নিজেও শিক্ষক। শিক্ষকদের ব্যাথায়, মর্ম বেদনায়, আন্দোলনে সহমর্মিতা প্রকাশ করা ছাড়া আমার কোনো গতি নেই। শিক্ষকদের হেয় করে কোনো জাতি কখনো বড় হতে পারে না।” প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রতি সহমর্মী উল্লেখ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ জানা-অজানা অসংখ্য কারণে অনেক সময় বাস্তবায়িত হয় না।” শিক্ষামন্ত্রী শিক্ষকদের দাবি সরকারের কাছে উত্থাপন করবেন বলেও আশা করেন অধ্যাপক মিজানুর। যত দ্রুত সম্ভব শিক্ষকদের দাবি মেনে নেওয়ারও দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৬৫৬ ঘ.