২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের রুলিং সরকারের আপিলের বিষয়ে আদেশ রোববার

এক বিচারকের বক্তব্যকে কেন্দ্র করে স্পিকারের রুলিং নিয়ে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বিচারকের বক্তব্যকে কেন্দ্র করে স্পিকারের রুলিং নিয়ে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবে আপিল বিভাগ। সরকারের আবেদনের শুনানি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এই দিন ঠিক করে দেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও আখতার ইমাম। স্পিকার আব্দুল হামিদের রুলিংয়ের বৈধতা নিয়ে দায়ের করা একটি রিট আবেদনের নিস্পত্তি করে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ গত ২৪ জুলাই রায় ঘোষণা করেন। পূর্ণাঙ্গ অভিমত ও নির্দেশনাসহ ওই রায় প্রকাশ করা হয় ২৭ অগাস্ট। রায়ে বলা হয়, একজন বিচারকের সংবিধান লঙ্ঘনের অভিযোগ নিয়ে স্পিকারের দেওয়া রুলিংয়ের আইনগত কোনো ভিত্তি নেই এবং তা আইনের দৃষ্টিতে অস্তিত্বহীন। স্পিকারের ওই অভিমতের ‘আইনগত কোনো কার্যকারিতা’ নেই বলেও আদালত জানায়। “ওই রুলিং সংবিধানের ৯৬ (৫) অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধির সঙ্গে অসঙ্গতিপূর্ণ”, বলা হয় রায়ে। সরকার হাই কোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিলের আবেদন করলে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা গত ৩ সেপ্টেম্বর আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, স্পিকার সংসদের সর্বেসর্বা। সংসদ সদস্যদের ব্যাপারে তিনি যে সিদ্ধান্ত দেবেন, তাই চূড়ান্ত। রুলিং বিষয়ে বিচার বিভাগের কিছুই করার নেই। তার পুরো রুলিং পড়লে দেখা যাবে, এটা সময়োচিত ও যুক্তিযুক্ত। এ নিয়ে কোনো রিট দায়ের করার কিছু আছে বলে মনে হয় না। “সুপ্রিম কোর্ট ও সংসদ সংবিধান সৃষ্ট দুটি সংস্থা, এরা একে অপরের পরিপূরক। এ মামলাটি করে বিভেদের সৃস্টি করা হয়েছে বলে আমি মনে করি। “আদালত স্পিকারের কোনো রুলিং বাতিল বা এক্সপাঞ্জ করতে পারে না। তবে আদালত মনে করলে কোনো বক্তব্যের ব্যাপারে স্পিকারের কাছে সুপারিশ পাঠাতে পারে। তবে সেই বক্তব্য রুলিংয়ে থাকবে কি-থাকবে না, সে সিদ্ধান্ত স্পিকারই নিবেন”, বলেন সরকারের প্রধান আইন কর্মকর্তা। তিনি বলেন, সংসদ তার কাজের ব্যাপারে সার্বভৌম। আইন বা সংবিধানের বিষয় আর কার্যধারায় হস্তক্ষেপ এক নয়। রুলিংয়ে বলা হয়েছে, একজন বিচারপতি সংবিধান লংঘন করেছেন এবং প্রধান বিচারপতি এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গ টেনে আদালত শুনানিতে আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে ওই বিচারপতি অসুবিধার সম্মুখীন হতে পারেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, সংসদ সদস্যদের পয়েন্ট অব অর্ডারের বক্তব্যের জবাবে স্পিকার ওই রুলিং দিয়েছেন। তিনি এ নিয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা সুপ্রিম কোর্টে কোনো চিঠি দেননি। কাজেই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অন্যদিকে রোকন উদ্দিন মাহমুদ শুনানিতে বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে কোনো বিধিবদ্ধ আদালত তথা আদালত বা ট্রাইবুনাল নিয়ে সংসদে প্রশ্ন তোলা যাবে না। আর সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক। “আমাদের দেশের সংবিধান ও আইন অনুসারে যেখানে বিচারাধীন বিষয়ে সংসদে আলোচনার সুযোগ নেই, সেখানে আলোচনা হয় কি করে?” সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করা হলে পাঁচ বছর পর নতুন সরকার এসে আগের সরকারের মেয়াদে নিয়োগ পাওয়া সব বিচারককে বাদ দেয়ার উদ্যোগ নিতে পারে বলেও রোকন উদ্দিন মাহমুদ আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, সংসদের কার্যক্রমকে বাতিল করার ক্ষমতাও সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। সংসদের করা দুটি আইন আদালত বাতিল করেছে। সংবিধানের ৫টি সংশোধনীকে অবৈধ করেছে। সুতরাং স্পিকারের রুলিংকেও আদালতে চ্যালেঞ্জ করা যায়। রুলিং আর আইন এক বিষয় নয়- আদালতের এমন বক্তব্যের জবাবে রোকন উদ্দিন মাহমুদ বলেন, রুলিংকে আরো সহজে চ্যালেঞ্জ করা যায়। “হাই কোর্ট বলেছেন, বিচারপতি সম্পর্কে রুলিং ভয়েড। এর চেয়ে নমনীয় আর কি হতে পারে?” পরে ব্যারিস্টার আখতার ইমাম বলেন, স্পিকারের পুরো রুলিং নিয়ে রিটে আপত্তি করা হয়নি। ‘এক বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন’- এমন মন্তব্য নিয়ে আপত্তিম থেকে এ রিট করা হয়েছে। “এখানে স্পিকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ভূমিকা নিয়ে নিয়েছেন। এটা নিয়ে একটি সিদ্ধান্তের প্রয়োজন। আগামী রোববারে আপিল বিভাগ তাদের সিদ্ধান্ত জানাবে। এটা জাতি ও সংবিধানের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে।” হাই কোর্ট বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মন্তব্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে গত ১৮ জুন সংসদে ওই রুলিং দেন স্পিকার আবদুল হামিদ। গত ২৯ মে সংসদে দেওয়া স্পিকারের একটি বক্তব্যকে কেন্দ্র করে ওই বিতর্কের সূত্রপাত। সুপ্রিম কোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার সেদিন বলেছিলেন, আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ৫ জুন বলেন, স্পিকারের ওই বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। এরপর সংসদে বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরে রুলিংয়ে আবদুল হামিদ বলেন, “হাই কোর্টের একজন মাননীয় বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করে সংসদ সম্পর্কে, আমার সম্পর্কে যে সব মন্তব্য করেছেন তা কোনো বিবেকবান মানুষ উচ্চারণ করতে পারেন কি না, আমার সন্দেহ রয়েছে।” সংসদ সদস্যদের ক্ষোভের প্রতি শ্রদ্ধা রেখে স্পিকার আশা প্রকাশ করেন, ওই বিচারকের অনাকাক্সিক্ষত বক্তব্যের বিষয়ে প্রধান বিচারপতিই পদক্ষেপ নেবেন। তবে রুল নিস্পত্তি করে দেওয়া রায়ে হাইকোর্ট বলে, রাষ্ট্রের কোনো অঙ্গ যাতে সংবিধানে দেওয়া তার ক্ষমতার সীমা লঙ্ঘন না করে তা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত। ‘বিশেষ অধিকারের সীমা’ সংবিধানের ৭৮ অনুচ্ছেদের ব্যাখ্যার ওপর নির্ভর করে। এই ব্যাখ্যার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের এখতিয়ারে। সংসদ তার এই বিশেষ অধিকার নির্ণয়ের ক্ষেত্রে চূড়ান্ত বিচারক হিসাবে নিজেকে দাবি করতে পারে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪০৫ ঘ.