২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের কাঁদানে গ্যাস

আন্দোলনরত শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়ায় পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁদানে গ্যাসের শেল ছুড়ে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চার শিক্ষক। সচিবালয়ের দিকে যেতে ব্যর্থ হয়ে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়ায় বেলা ১২টা থেকে পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিক্ষকরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগোলে তাদের বাধা দেয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বাধা ডিঙিয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ১৫ থেকে ২০ জন আহত হয় বলে শিক্ষকরা অভিযোগ করেন। দুপুর ১টার দিকে নুরুজ্জামান, সুব্রত কুমার, মনিরুজ্জামান ও বাহারুল ইসলাম নামে চার শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বাধা পেয়ে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। তাদের বিক্ষোভের কারণে পল্টন-প্রেসক্লাব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি এশারত আলী অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। সরকার এমপিওভুক্তির ঘোষণা দিলেই রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাবেন বলে জানান তিনি। এমপিওভুক্তির দাবিতে গত সোমবার নতুন করে এ আন্দোলন শুরু করে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবারও তারা দিনভর প্রেসক্লাব ও শাহবাগ এলাকায় বিক্ষোভ করেন এবং প্রধানমন্ত্রীর কাছে স্মরকলিপি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/এএইচ/জেকে/১৪৫০ ঘ.