ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী এবং বিভিন্ন জেলা থেকে ৩টি চুরি হয়ে যাওয়া প্রাইভেট কার, প্রায় ২ লাখ টাকার স্ট্যাম্প, দেড় হাজার ইয়াবা এবং তিনটি ওষুধ কোম্পানির চুরি হয়ে যাওয়া ওষুধ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
কয়েকদিন ধরে এগুলো উদ্ধারের জন্য পৃথক অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বুধবার এক সাংবাদিক সম্মলনে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সিলেট, গাজীপুর এবং সাভার এলাকায় টানা অভিযান চালায়।
তিনি জানান, গোয়েন্দা পুলিশের দলটি সিলেট মহানগর এলাকা থেকে ২টি এবং মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে একটি চুরি হয়ে যাওয়া প্রাইভেটকার উদ্ধার করে।
এছাড়া দলটি ২ লক্ষাধিক টাকার স্ট্যাম্প, বিআরটিএ অফিস ও বিভিন্ন সরকারী কর্মকর্তার ৪২টি সীল, ৩টি কম্পিউটার, ৩টি প্রিন্টার মেশিন, একটি স্কেনার মেশিনসহ বেশ কয়েকটি চোরাই গাড়ীর কাগজপত্র উদ্ধার করে। তারা এসময় ১০জনকে গ্রেপ্তার করে।
গোয়েন্দা পুলিশের অপর একটি দল হবিগঞ্জ জেলায় স্কয়ার, ইবনেসিনা ও বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানির ছিনতাই হওয়া ওষুধ উদ্ধার করে। এই ঘটনায় জড়িত কোহিনুর মিয়া (৩৫) নামে একজনকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
মাসুদুর রহমান জানান, প্রায় ১১ লাখ টাকার ওষুধ উদ্ধার করে গত ২ অক্টোবর সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেয়া হয়। ছিনতাইকারীরা প্রায় ৬০ লাখ টাকার ওষুধ খোলা বাজারে বিক্রি করে দিয়েছে।
গোয়েন্দা পুলিশের অপর একটি দল মঙ্গলবার সন্ধ্যায় পল্লবী থানা এলাকার বায়তুল আমান কুয়েতি মসজিদের মুয়াজ্জিন মো. সুলতানকে (২৪) গ্রেপ্তার করে।
পরে মসজিদের দোতালায় তার কক্ষ তল্লাশী চালিয়ে ট্রাংকের ভেতর থেকে ১ হাজার ৪৬০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া গোয়েন্দা পুলিশের ওই দল খিলক্ষেত থেকে আফতাব মিয়া ওরফে আরিফ (৫৪) ও শাহিন মিয়াকে (২১) ২২০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/২২১১ ঘ.
bdnews24