হবিগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় ব্র্যাক কার্যালয়ের সমানে এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- উপজেলার বেজুড়া গ্রামের মহিব উল্লার ছেলে আরফান উল্লা (২৮) এবং একই গ্রামের আজিজ উল্লার ছেলে মহিন উল্লা (২৪)।
দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের এনায়েত উল্লার ছেলে মইনুল উল্লাকে (২০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলে তিন আরোহী জগদীশপুরের তেমুনিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরফান মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পথে মহিন উল্লার মৃত্যু হয় বলে জানান ওসি।
এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাংচুর করে ও আধাঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৫ ঘ.
bdnews24