২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহে পিটুনি এবার শিক্ষককে

শিশুকে আটকে রেখেছে সন্দেহে এবার অভিভাবকদের পিটুনি খেলেন কিন্ডারগার্টেনের এক শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুকে আটকে রেখেছে সন্দেহে এবার অভিভাবকদের পিটুনি খেলেন কিন্ডারগার্টেনের এক শিক্ষক। বুধবার দুপুরে নারায়ণড়ঞ্জের ফতুল্লার পঞ্চবটির চাঁদনী হাউজিং এলাকার এ ঘটনায় আহত হন শেফালী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ হারুন অর রশিদ। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর আগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ এলাকায় শিশু পাচারকারী সন্দেহে এলাকাবাসী পিটুনি দিয়েছিল ছয় সুইপারকে। পরে পরিচয় পেয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ। এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা চলে গেলেও অভিভাবক না আসায় ১ম শ্রেণির তিন শিক্ষার্থী থেকে যায়। তাদের শ্রেণিকক্ষে রেখে শিক্ষকরা চলে যান। কিন্তু বিষয়টি জানতেন না অধ্যক্ষ হারুন অর রশীদ। এদিকে পরে ওই তিন শিক্ষার্থীদের অভিভাবকরা স্কুলে এসে সন্তানদের না পেয়ে অধ্যক্ষের কাছে বিষয়টি জানান। অধ্যক্ষ জানান, শিশুরা বাড়ি চলে গেছে। এদিকে অভিভাবকরা বাড়ি ফিরে তাদের সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে মাইকিংও শুরু হয়। অধ্যক্ষ নিজেও বিভিন্ন জায়গায় রিকশা নিয়ে খোঁজাখুঁজি করেন। পুলিশ কর্মকর্তা বলেন, এক পর্যায়ে অভিভাবকরা বিদ্যালয়ের ভেতর শিশুদের পেয়ে উত্তেজিত হয়ে পড়েন। এ সময় কয়েকশ’ জনতা অধ্যক্ষকেই সন্দেহ করে পিটুনি দিতে শুরু করে। ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে, বলেন এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৪০ ঘ.