২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধ বসতিতে হামলানিরাপত্তা দিতে ব্যর্থতা কেন বেআইনি নয়: হাই কোর্ট

ধর্মীয় সংখ্যালঘুসহ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর ‘ব্যর্থতা’ নিয়ে প্রশ্ন তুলে একটি রুল জারি করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় সংখ্যালঘুসহ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর ‘ব্যর্থতা’ নিয়ে প্রশ্ন তুলে একটি রুল জারি করেছে হাই কোর্ট। বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয়। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সকালে আদালত প্রথমে স্বতঃপ্রণোদিত একটি রুল দেয়। পরে অন্য এক আইনজীবীর জনস্বার্থে দায়ের করা আবেদনে আদালত সমন্বিত আদেশ দেয়। চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলায় গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর সংগঠিত সহিংসতায় বৌদ্ধ মন্দির, দোকানপাট ও ঘরবাড়িতে আক্রমণ ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চেয়েছে আদালত। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে ওই ঘটনায় নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছে। ওই ঘটনায় স্থানীয় প্রশাসনের ‘নিষ্ক্রিয়তা’ কেনা অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একই দিনে আরেকটি রুল দিয়েছে হাই কোর্টের অন্য একটি বেঞ্চ। একটি রিট আবেদনের শুনানি শেষে মির্জা হোসেইন হায়দার ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং রামু থানায় ঘটনার সময় দায়িত্বরত ওসিকে দুই সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। সারা দেশের সব গির্জা-মসজিদ-প্যাগোডা-মন্দিরের নিরাপত্তা বিধানেরও নির্দেশ দেয়া হয়েছে ওই আদেশে। ঘরবাড়ি ও মন্দিরসহ সংশ্লিষ্ট এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের আদেশেও। আগামী ১৪ অক্টোবর পরবর্তী আদেশের জন্য বিষয়টি কার্যতালিকায় আসবে বলে আদালত জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সকালে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে উপস্থাপন করে আদালতের আদেশ প্রার্থনা করেন। আদালত তখন এ বিষয়ে আদেশ দেয়। আদালত থেকে সুব্রত চৌধুরী আদেশের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলা-অগ্নি সংযোগের ঘটনায় প্রশাসন কেন জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে- তা জানতে চেয়েছে হাই কোর্ট। তিনি বলেন, একই সঙ্গে ওইসব এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেও আদেশ দিয়েছে আদালত। এরপর ইউনুস আলী আকন্দ নামের এক আইনজীবী জনস্বার্থে রিট নিয়ে একই বেঞ্চে আসেন। শুনানি শেষে সমন্বিত আদেশ দেয় আদালত। এতে বলা হয়, জনস্বার্থে এই মামলার কারণে স্বপ্রণোদিত আদেশের প্রয়োজনীয়তা আর থাকছে না। ফেসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নতুন করে বৌদ্ধ বসতিতে হামলা হয়। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসন ও পুলিশ সময়মতো তৎপর হলে ঘটনা এতো বড় হতে পারত না। এই অভিযোগের মধ্যেই রামু থানার ওসি নজিবুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/১৮৪৫ ঘ.