শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিতায় কক্সবাজার ও চট্টগ্রামে স¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
‘সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ কর’ ব্যানারে বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধনে তিনশ’ বছরের ঐতিহ্যবাহী বৌদ্ধবিহার ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
কোরআন অবমাননার অভিযোগ এনে শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়।
এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দির ও বসতিতে আবারো হামলার ঘটনা ঘটে।
মানববন্ধনে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম দীপু, ছাত্রী হল প্রাধ্যক্ষ অধ্যাপক নাজিয়া চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে সেখানেই ‘প্রতিবাদের ভাষা এবার কবিতা’য় আবৃত্তি করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়, সাংস্কৃতিক সংগঠন শিকড়ের সভাপতি সাব্বির আহমেদ, মাভৈঃ এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী জেনিফা ওমি, ফয়সাল রিজবী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24