ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে বহস্পতিবার সচিবালয় ঘেরাওয়ের নতুন কর্মসূচি দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর।
আন্দোলনরত শিক্ষকরা বুধবার প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট পালন শেষে পদযাত্রা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা সেখানে অবস্থান নেয়ায় শাহবাগ-প্রেসক্লাব সড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যাপারে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বুধবার সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান ধর্মঘট শুরু করেন। এতে এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।
অবস্থান ধর্মঘটে অংশ নেয়া চাঁপাইনবাবগঞ্জের শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, “১২ বছর ধরে শিক্ষকতা করি। কিন্তু সরকারি কোনো সহযোগিতা পাই না। সংসার চালানো মুশকিল হয়ে গেছে। এ কারণে আমাদের আর কোনো উপায় নেই।”
শিক্ষকরা পরে সেখান থেকে মিছিল নিয়ে পল্টন ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর তারা উল্টো দিকে ঘুরে স্মারকলিপি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন।
কয়েকশ শিক্ষক-কর্মচারী মিছিল নিয়ে এগোলে শাহবাগ শিশুপার্কের সামনে পৌঁছে আবারো পুলিশের বাধার মুখে পড়েন। তারা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
সামনে এগোতে ব্যর্থ হয়ে আন্দোলনরত শিক্ষকরা এরপর শাহবাগের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে বেলা দেড়টার দিকে শাহবাগ থেকে প্রেসক্লাবের দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর আন্দোলনরত শিক্ষকদের ৬ জন প্রতিনিধি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর প্রতিনিধির কাছে হস্তান্তর করেন। এ সময় শিক্ষদের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ঐক্যজোটের সভাপতি ইসরাত আলী।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফিরে তারা শাহবাগ এলাকায় অবস্থানরত সহকর্মীদের সঙ্গে যোগ দেন এবং এরপর আবার প্রেসক্লাবে ফিরে যান। সেখানে নতুন কর্মসূচি ঘোষণা করেন ঐক্যজোটের সহ সভাপতি আবুল কালাম আজাদ।
তিনি বলেন, শিক্ষকরা দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে জমায়েত হবেন। এরপর সেখান থেকে সচিবালয় ঘেরাও করবেন তারা।
এমপিওভুক্তির দাবিতে গত সোমবার নতুন করে এ আন্দোলন শুরু করে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার তাদের ‘দাবি পূরণের চেষ্টার’ আশ্বাস দিয়ে মঙ্গলবার আন্দোলনরত শিক্ষকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান।
সচিবালয়ে এক সভা শেষে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,“দাবি-দাওয়া পূরণে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। আপনারা আমাদের শিক্ষক, আমাদের মাথার মণি। আপনাদের জন্য আমরা ফাইট করছি। দয়া করে বাড়ি ফিরে যান।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমডি/জেকে/১৭৩৫ ঘ.
bdnews24