চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ বছরের জীবন আতœাহুতি দিয়ে ইতিহাস হয়ে যাওয়া প্রীতিলতা ওয়াদ্দেদার ৮০ বছর পর আবার দাঁড়ালেন চট্টগ্রামে।
ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করতে চট্টগ্রামের যে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ হয়েছিল সেই ক্লাবের সামনেই এখন থেকে ভাস্কর্যের রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবেন এই বীরকন্যা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মঞ্জুর আলম মঙ্গলবার বিকালে পাহাড়তলীতে ‘বীরকন্যা প্রীতিলতা’ নামের ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
পাহাড়তলীতে তৎকালীন ইউরোপিয়ান ক্লাবের সামনে (বর্তমানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়) ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মঞ্জুর বলেন, “আজ বীরকন্যা প্রীতিলতার যে ভাস্কর্য স্থাপন করা হলো তা দেখে নতুন প্রজন্ম আগ্রহ নিয়ে জানতে চাইবে প্রীতিলতা কে ছিলেন, কেন তিনি আত্মাহুতি দিয়েছিলেন।”
ওই ভাস্কর্যের পাশের সড়ককে ‘বিপ্লবী’ সড়ক নামকরণেরও প্রস্তাব করেন তিনি।
ব্রোঞ্জের তৈরি এ আবক্ষ ভাস্কর্যের নকশা প্রণয়ন করেন ভারতের বিখ্যাত ভাস্কর অধ্যাপক গৌতম পাল। ৪২ ইঞ্চি উচ্চতার এ ভাস্কর্যের ওজন ১৫০ কিলোগ্রাম।
শতবর্ষী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, অধ্যাপক আবুল মনসুর, শহীদ জায়া বেগম মুশতারী শফি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) চট্টগ্রামের আহ্বায়ক মানস নন্দী প্রমুখ বক্তব্য দেন।
মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী প্রীতিলতার নেতৃত্বে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলি ‘ইউরোপিয়ান ক্লাবে’ হামলা হয়।
আট জন বিপ্লবী ওই অভিযানে অংশ নিয়ে ৫৩ জন ইংরেজকে হতাহত করেন। সবাই ফিরে আসলেও আহত প্রীতিলতা ব্রিটিশ সেনাদের হাতে গ্রেপ্তার এড়াতে নিজের কাছে রাখা ‘পটাশিয়াম সায়ানাইড’ খেয়ে করে আত্মাহুতি দেন।
এছাড়া গত বছর ৫ মে প্রীতিলতার জন্ম শতবর্ষ উপলক্ষে তার স্মৃতি সংরক্ষণের দাবিতে অন্দোলন শুরু করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, ছাত্র ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র নামে তিনটি সংগঠন।
চট্টগ্রামে পটিয়া উপজেলার ধলঘাটে বিপ্লবীর নিজ গ্রামেও প্রীতিলতার একটি আবক্ষ মূর্তি রয়েছে।
প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা জগৎবন্ধু তৎকালীন মিউনিসিপ্যাল কার্যালয়ে কর্মরত ছিলেন এবং মা প্রতিভাময়ী ছিলেন গৃহিণী।
ব্রিটিশবিরোধী বিপ্লবী চট্টগ্রামের ডা. খাস্তগীর স্কুল, ঢাকার ইডেন কলেজ ও কলকাতার বেথুন কলেজে লেখাপড়া করেন। চট্টগ্রামের অর্পনাচরণ (নন্দনকানন স্কুল) বিদ্যালয়ের প্রধান শিক্ষিকারও দায়িত্ব পালন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/জিএনএ/২১১৪ ঘ.
bdnews24