ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত জেলা প্রশাসক ও ইউএনওসহ জনপ্রশাসনের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে বেশ কিছু কর্মকর্তার পদ রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকটি আদেশে সোম ও মঙ্গলবার এসব রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব এএইচএম আহসানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাহবুবুল আলম, কুষ্টিয়ার এডিসি ফজলুর রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত নারায়ণগঞ্জের এডিসি মাহবুবুল ইসলামকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের জন্য স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। এ তিনজনই উপসচিব পর্যায়ের কর্মকর্তা।
ঢাকার এডিসি পদে কর্মরত উপসচিব মাকসুদা হোসেন এবং চুয়াডাঙ্গার এডিসি মজিবর রহমানকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের আদেশ বাতিল করে পদায়নের জন্য তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নতুন করে এডিসির দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আবুল ফজল মীর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ইফতেখার হোসেনকে ঢাকা এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের এডিসি নিয়োগ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুর রহমান, বশিরুল হক ভূঁইয়া ও মো. আনিসুজ্জামান খান এবং সিলেটের বালাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম ও শরীয়তপুরের নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. সানোয়ার হোসেনকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই কারণে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মনিরা বেগম, সিলেটের জকিগঞ্জের ইউএনও আলমগীর হোসেন ও মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কামরুল হাসানকে।
ওএসডি জ্যেষ্ঠ সহকারী সচিব আবুল কালাম তালুকদার, বরগুনার জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মৃনাল কান্তি দে, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এবিএম সাদেকুর রহমান এবং বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার পঙ্কজ ঘোষকে ইউএনও নিয়োগের জন্য বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যন্ত করা হয়।
ইউএনও নিয়োগের জন্য ওএসডি জ্যেষ্ঠ সহকারী সচিব মো. এনামুল হক, শাফিউল ইসলাম, হেমন্ত হেনরী কুরী ও ইফতেখার উদ্দিন শামীমকে রাজশাহী; শাব্বীর আহমদ ও শেখ মো. বেলায়েত হোসেনকে রংপুর এবং শহিদুল ইসলাম চৌধুরীকে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এসইউ/২১৩৩ ঘ.
bdnews24