ঢাকা ,অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর হজ ফ্লাইট শুরুর পর তিন এয়ারলাইন্স এ পর্যন্ত ৪৫ শতাংশ হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দিতে পেরেছে।
মঙ্গলবার হজ সমন্বয় কমিটির আহবায়ক জয়নাল আবেদীন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৬ দিনে তিন বিমান সংস্থা সম্মিলিত ভাবে ১২৯টি ফ্লাইটে এ পর্যন্ত পরিবহন করেছে মোট ৪৯ হাজার ২৫ জন, যা মোট হজযাত্রীর শতকরা ৪৫ শতাংশ।
এর মধ্যে, চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিবহন করা হয়েছে ২ হাজার চারশ ৭৩ জনকে। এ বছরই প্রথমবারের মতো চট্রগ্রাম থেকে হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
এবার বন্দরনগরী থেকে মোট ১০ টি হজ ফ্লাইট পরিচালিত হবে ।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রথম ১৪ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৬৯ টি ফ্লাইটে পরিবহন করেছে ২৭ হাজার ৮৪০ জন হজযাত্রী, এর মধ্যে ৭ জন শিশু।
অন্যদিকে, সৌদি এ্যারাবিয়ান এয়ারলাইন্স ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৬৯২ জন এবং নাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইটে আট হাজার ৪৯৯ জন হজযাত্রী পরিবহন করেছে।
গত ১৭ সেপ্টেম্বর ভোর পাঁচটায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব যাত্রা শুরু করে প্রথম হজ ফ্লাইটটি (বিমানের বোয়িং-৭৭৭ উড়োজাহাজ)।
একই দিন সকাল সাড়ে ৯টায় হজযাত্রীদের নিয়ে যাত্রা করে সৌদি আরবের ন্যাশনাল এয়ার সার্ভিসের (নাস এয়ার) আরেকটি ফ্লাইট।
সৌদি এ্যারাবিয়ান এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন শুরু করে ২১ সেপ্টেম্বর বেলা ১টা থেকে।
মন্ত্রণালয় ঘোষিত ফ্লাইটসূচি অনুসারে ২০ অক্টোবর পর্যন্ত হজযাত্রী পরিবহনের কথা রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের। বিমান ফিরতি ফ্লাইট শুরু করবে ১ নভেম্বর থেকে, শেষ হবে আগামী ২৯ নভেম্বর।
নাস এয়ারের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোবর, শেষ হবে ২৮ নভেম্বর। সৌদি এয়ারলাইন্স হজ পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু করবে ৩০ অক্টোবর এবং শেষ হবে ৩০ নভেম্বর।
দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত হজযাত্রী পরিবহন সংক্রান্ত চুক্তি অনুসারে এ বছর কোনো তৃতীয় বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ারকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেয়া হয়নি।
থার্ড ক্যারিয়ার না থাকায় হজযাত্রী পরিবহনে বিশৃঙ্খলা হতে পারে, এ দাবি করে আসছে হজ এজেন্সিগুলো।
এ বছর মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজে যাওয়ার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ২ হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১ লাখ ৯ হাজার ৬০৩ জন। এর মধ্যে বিমান পরিবহন করছে ৫৬ হাজার ২৮৪ জন হজযাত্রী।
অন্যদিকে, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স পরিবহন করবে ৪০ হাজার ২৮৪ জন এবং নাস এয়ার ১৬ হাজার জন হজ যাত্রী পরিবহন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএ/২০২২ ঘ.
bdnews24