চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী সার্জেন্ট মো. আলাউদ্দিনের জেরা শেষ হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল- ১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তাকে দিনভর জেরা করেন আসামি অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনের দুই আইনজীবী।
দুপুর পৌনে একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সার্জেন্ট আলাউদ্দিনকে জেরা করেন আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ ও মো. আহসান।
এসময় আইনজীবীরা সাক্ষীকে ১০ ট্রাক অস্ত্র আটকের রাতের ঘটনা, নোয়াখালীর সুধারাম থানার অস্ত্র মামলা, আদালতে দেওয়া জবানবন্দিসহ বিভিন্ন বিষয়ে জেরা করেন।
২০০৯ সালের ২৮ মে মেজর লিয়াকতকে দুই দফায় ১০দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে লিখিত একটি বক্তব্য দিয়ে সে অনুযায়ী বক্তব্য দিতে বলা হয়- এ সম্পর্কে সার্জেন্ট আলাউদ্দিনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই।”
এরআগে গত ২৯ অগাস্ট এবং ১৯ ও ২০ সেপ্টেম্বর সার্জেন্ট আলাউদ্দিনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে অস্ত্র আটকের সময় সার্জেন্ট আলাউদ্দিন বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ওই রাতে জেটিঘাটে অস্ত্র খালাসের ঘটনা প্রত্যক্ষ করেন সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিন।
জবানবন্দি শেষে আদালত বুধবার সকাল পর্যন্ত জেরা মুলতবি করে।
এর আগে সকালে কঠোর নিরাপত্তায় জামায়াতে ইসলামীর আমীর সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ আসামিকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২০০৬ ঘ.
bdnews24