ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণের চেষ্টার আশ্বাস দিয়ে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার সচিবালয়ে এক সভা শেষে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,“দাবি-দাওয়া পূরণে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। আপনারা আমাদের শিক্ষক, আমাদের মাথার মণি। আপনাদের জন্য আমরা ফাইট করছি। দয়া করে বাড়ি ফিরে যান।”
স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্তির দাবিতে সোমবার থেকে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে কয়েকশ শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছে।
মঙ্গলবারও তারা রাস্তা অবরোধ করে অনশন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম উন্নয়ন সংক্রান্ত বিষয়ে অধ্যাপক আনিসুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে নিয়ে অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে বৈঠক করেন নাহিদ।
বৈঠক শেষে নাহিদ বলেন, “শিক্ষার জন্য বরাদ্দকৃত বাজেট দিয়ে নূন্যতম কাজও করা যায় না। শিক্ষায় বরাদ্দ বাড়াতে অর্থমন্ত্রীকে বলেছি।”
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম বাড়ছে। বিদ্যালয়, শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে। এটি আরও কীভাবে বাড়ানো যায় বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে এমপিওভুক্ত ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
আন্দোলরত শিক্ষকদের দাবির বিষয়ে ভবিষ্যতে একটা পথ বের করা হবে বলেও সাংবাদিকদের বলেন তিনি।
নাহিদ জানান, দেশে ২৬ হাজার ৬৪০টি এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে শিক্ষক কর্মচারীর সংখ্যা ৫ লাখেরও বেশি।
এদিকে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করছেন।
এতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
দাবি আদায়ে বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কাফনের কাপড় পড়ে অবস্থান এবং দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মো. এশারত আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরবি/এসইউ/১৭৫২ ঘ.
bdnews24