২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধসে পড়ল পাশের বাড়ির ওপর

শাঁখারীবাজারের ছয় তলা পরিত্যক্ত ভবনটি ভাঙার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ না করায় এ দুর্ঘটনা ঘটে বলে সিটি কর্পোরেশন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 05:57 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় পরিত্যক্ত একটি ছয়তলা ভবন পাশের দুটি তিন তলা ভবনের ওপর ভেঙে পড়ে অন্তত একজন আহত হয়েছেন। ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স কর্মীরা দুটি ভবনে আটকা পড়া ৩০ জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছেন। কোতোয়ালি থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাঁখারীবাজার এলাকার কৈলাস ঘোষ লেনের ছয়তলা ভবনটি ভেঙে ফেলার কাজ চলছিল। মঙ্গলবার সকাল ৯টার দিকে সেটি হঠাৎ দুলে উঠে পাশের তিনতলা দুটি ভবনের ওপর ধসে পড়ে। এতে ওই দুই ভবনে সিঁড়ি বন্ধ হয়ে যায় এবং বাসিন্দারা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন তলা ভবন দুটির মধ্যে ১৮ নম্বর হোল্ডিংয়ের বাড়িটির মালিক মোহাম্বমদ সোহেল। আর ১৯ নম্বর হোল্ডিংয়ের ভবনটির মালিক সৈয়দ মাসুম। আর পাশের যে ভবনটি ভেঙে পড়েছে সেটির হোল্ডিং নম্বর ১৪ (১); মালিকের নাম ফজলে এলাহী চৌধুরী মোহন। সৈয়দ মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ (১) নম্বরের বাড়িটি নির্মাণ করা হয়েছিল ১৯৮২-৮৩ সালের দিকে। ওই ভবনের ফাউন্ডেশন ঠিকমতো ছিল না বলেও তিনি অভিযোগ করেন। মাসুম জানান, দুদিন আগে ৬তলা পরিত্যক্ত ভবনটি ভাঙার কাজ শুরু হয়। শ্রমিকরা সকালে আবার কাজ শুরু করার পর হঠাৎ ভবনটি দুলে ওঠে এবং ১৮ ও ১৯ নম্বর বাড়ির ওপর ভেঙে পড়ে। এই দুটি ভবনের ৯টি ইউনিটে ৪০ জনের মতো বাসিন্দা রয়েছেন বলে জানান তিনি। ১৮ নম্বর ভবনের তৃতীয় তলার বাসিন্দা মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনায় সময় তিনি বাথরুমে ছিলেন। হঠাৎ বাইরে হৈ চৈ শুনে বারান্দায় গিয়ে দেখেন, বিকট শব্দে পাশের ভবনটি ভেঙে পড়ছে। ভেঙে পড়া ভবনের কারণে তাদের বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে গেলে পেছন দিকের জানালা ভেঙে পাশের বাড়ির ছাদ দিয়ে তারা বেরিয়ে আসেন বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মো. মাহবুব জানান, দুটি ভবনের মধ্যে ১৯ নম্বর বাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পর ভেঙে পড়া ভবনের ধসে পড়া অংশ স্ত’প হয়ে আছে। ভবনের সামনের দিকে সিড়িও আটকে গেছে ভেঙে পড়ার ভবনটির ধ্বংসস্ত’পে। আমরা ১৯ নম্বর বাড়ির পেছনের জানালা ভেঙে সিঁড়ি দিয়ে ৩০ জনকে উদ্ধার করেছি। জনি নামের এক যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো কয়েকজন ছোটখাট আঘাত পেয়েছেন। আর ১৮ নম্বর ভবনের অধিকাংশ বাসিন্দা পাশের সরু একটি গলি দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন বলে মাহাবুব জানান। ভেঙে পড়া ভবনের কোনো শ্রমিক ধ্বংসস্ত’পে আটকা পড়েছেন কি না জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “ভেঙে পড়ার আগে ভবনটি কয়েকবার কেঁপে উঠেছিল। তখনই শ্রমিকরা নেমে গিয়েছে বলে আমাদের ধারণা।” তিন তলা ভবন দুটির ওপর থেকে ধ্বংসস্ত’প সরাতে উন্নত যন্ত্রপাতি লাগবে জানিয়ে মাহবুব বলেন, “সেগুলো আনতে খবর দেয়া হয়েছে।” ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ বেলা ১২টার দিকে ঘটনাস্থল ঘুরে দেখে সাংবাদিকদের বলেন, “আমরা পুরো এলাকা ঘুরে দেখেছি। সার্চ ক্যামেরা দিয়েও দেখা হয়েছে। কোথাও কোনো মৃতদেহ বা কারো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না।” তবে স্থানীয় বাসিন্দারা জানান, ভেঙে পড়া ভবনটি দেখভালের দায়িত্বে থাকা লক্ষ্মী নামের এক নারীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক মো. জিল্লার হোসেন সাংবাদিকদের বলেন, সঠিক নিয়ম মেনে ভবনটি না ভাঙায় এ দুর্ঘটনা ঘটেছে। সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে ভবনটি বানানো হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়টি আমার জানা নাই।” ভেঙে পড়া ভবনটির মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৫৪০ ঘ.