পঞ্চগড়, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকুর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি মোয়াজ্জেম হোসেন ও হাবিবুল গণির বেঞ্চ এ বরখাস্তের আদেশ চার সপ্তাহের জন্য এ আদেশ স্থগিত করে।
একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সহকারী সচিব, রংপুর বিভাগীয় কমিশনার, পঞ্চগড় জেলা প্রশাসক, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আগামী চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
উপজেলা চেয়ারম্যানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে।
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানসহ কয়েকটি মামলায় আদালতে অভিযোগপত্র গ্রহণের প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে।
গত ২৭ সেপ্টেম্বর তেঁতুলিয়ার ইউএনও’র কাছে ফ্যাক্সযোগে এ আদেশ পাঠানো হয়।
উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু বলেন, সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের জন্য আদেশ স্থগিত করে।
আদেশে বলা হয়, পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত থাকবে।
জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, আদালতের আদেশ এখনো পাওয়া যায়নি। আদেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24