২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ না’গঞ্জে

রেলের বর্ধিত ভাড়া প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে নারায়ণগঞ্জে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের বর্ধিত ভাড়া প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে নারায়ণগঞ্জে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ রেল স্টেশনে এ দুই দলের জেলা শাখা কর্মসূচি পালন করে। অবস্থান চলাকালে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, মাহবুব ইসমাইল, ১৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিতবরণ বিশ্বাস, আবু নাঈম খান বিপ্লব, শিবনাথ চক্রবর্তী, আব্দুল হাই শরীফ, শোভা সাহা, নুরুল ইসলাম, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, রবীন্দ্র দাস ছাত্র নেতা সজল বাড়ৈ প্রমুখ। বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত ছিল রেলের ভাড়া ৫০ শতাংশ বৃদ্ধি করার। কিন্তু বাস্তবে আজ থেকে ১১৫ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। তারা অভিযোগ করেন, দেশের দরিদ্র মানুষের সাধারণ পরিবহন রেলের ভাড়া বৃদ্ধিতে জনগণের উপর আরেকটি বোঝা চাপিয়ে দেয়া হল। এতে মুনাফাখোর ব্যবসায়ীদের আরেক দফা মূল্য বৃদ্ধির সুযোগ করে দেয়া হয়েছে। তাদের অভিযোগ, ঢাকা-নাারায়ণগঞ্জ রুটে ডাবল লাইন চালু, সংরক্ষিত মহিলা বগির সংখ্যা বৃদ্ধি, প্রতি আধঘণ্টা পরপর ট্রেন সার্ভিস, শৌচাগার নির্মাণ, পর্যাপ্ত আলো, পানি, পাখাসহ যাত্রী সেবার মান বৃদ্ধির দাবি ছিল দীর্ঘদিনের। তা না করেই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারসহ যাত্রী সেবার মান বৃদ্ধির দাবিতে বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এদিকে সোমবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আগের ৬ টাকা ভাড়ার পরিবর্তে এখন নেয়া হচ্ছে ১০টাকা। নারায়ণগঞ্জ রেল স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্ধিত ৩ টাকার (শতকরা ৫০ ভাগ) সঙ্গে ৩০ পয়সা শুল্ক রয়েছে। কিন্তু ভাংতি পয়সা না থাকায় ১০ টাকা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৩ ঘ.