কুষ্টিয়া, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে মা মেয়েসহ তিন নারীর ‘সম্ভ্রমহানির’ প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।
সোমবার সকালে শহরের থানা ট্রাফিক মোড়ে কয়েকটি সংগঠন এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ করেছে।
এতে মানবাধিকার সংগঠন অধিকারসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, নারী ও ছাত্র সংগঠন, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, জেলা জাসদ সভাপতি গোলাম মহসীন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, বাসদ জেলা সমন্বয়ক শফিউর রহমান শফি, উত্তরণ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক তাজনিহার বেগম, ফেয়ার’র আইন কর্মকর্তা কামরুন্নাহার ময়না সাংবাদিক নেতা মজিবুল শেখ প্রমুখ।
বক্তারা বলেন, শুধু সন্দেহের কারণে মা ও মেয়েসহ তিন নারীকে জিজ্ঞাসাবাদের নামে পুলিশ হেফাজতে এক সপ্তাহেরও বেশি সময় আটকে রেখে দৈহিক নির্যাতন চালানো হয়, সম্ভ্রমহানি করা হয়।
তারা ঘটনার তদন্তপূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নির্যাতিতাদের একজন (৪৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ সেপ্টেম্বর রাতে রাজবাড়ী শহরতলীর বেড়াডাঙ্গার নিজ বাড়ি থেকে তাকে, তার কলেজ পড়–য়া মেয়েকে (২০) এবং কুষ্টিয়ার খোকসা উপজেলায় আমবাড়িয়ার বাড়ি থেকে মেয়ের বান্ধবীকে (১৮) আটক করে খোকসা থানায় নিয়ে যায় পুলিশ।
সেখানে ১১ তারিখ পর্যন্ত আটকে রেখে তাদের হস্তান্তর করা হয় কুষ্টিয়া ডিবি পুলিশে। ডিবি পুলিশ তাদের ১৫ তারিখ ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠায়। ১৮ তারিখ শুনানি শেষে তাদের জামিন হয়।
এরপর বিষয়টি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।
পরে গত বুধবার (২৬ সেপ্টেম্বর) আদালতে হাজিরা দিতে গেলে তাদের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানো হয়।
মা-মেয়েসহ তিন নারীর অভিযোগ খোকসা থানা ও ডিবি পুলিশের কাছে আটক থাকার সময় তাদের ‘সম্ভ্রমহানি’ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১২ ঘ.
bdnews24