ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) সাংবাদিকদের ওপর শিক্ষানবীস চিকিৎসকদের হামলার ঘটনায় গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আগামী ১৪ অক্টোবর সাংবাদিক এবং রোগীদের বক্তব্য শুনবে।
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার তদন্ত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির প্রধান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহমুদা আক্তার এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত নয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির সদস্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কমিটির কাছে এখন পর্যন্ত ১২ জন সাংবাদিক তাদের অভিযোগ উপস্থাপন করেছেন। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় ১৪ অক্টোবরের সভায় যোগ দিতে চিঠি দেওয়া হবে।
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী রোগীদেরও এতে সাক্ষ্য দিতেও বলা হবে।
গত ২৫ জুলাই দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক ও কর্মচারীদের হামলায় ১৫ জন সংবাদকর্মী আহত হন। এ সময় সংবাদকর্মীদের গাড়ি ও ক্যামেরাও ভাংচুর করা হয়।
ঘটনার পর মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহমুদা আক্তারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু পরে সময় বাড়িয়ে ৮ অগাস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কমিটি এখনও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি।
কমিটিতে আরও রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ আব্দুল লতিফ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ইসমাইল খান, মেডিসিন বিভাগের অধ্যাপক বিল্লাল আলম এবং সার্জারি বিভাগের শিক্ষক আমজাদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬৫১ ঘ.
bdnews24