সৈয়দ নাহাস পাশা
ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপের দেশ মালটায় সম্মেলনে মিলিত হয়েছে কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের ৮০ জন সাংবাদিক।
মাল্টার সেন্ট জুলিয়ানস সোমবার শুরু হওয়া এই সম্মেলন চলবে চার দিন। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এটি নবম সম্মেলন।
‘জার্নালিজম অ্যান্ড ডেমোক্রেসি ইন দ্য নিউ মিডিয়া এজ’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এই সম্মেলন উদ্বোধন করেন মাল্টার সংস্কৃতিমন্ত্রী ড. মারিও ডি মারকো।
সাংবাদিকতায় সামাজিক গণমাধ্যম ও নতুন প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, নাগরিক সাংবাদিকতা এখন পূর্ণতা পেয়েছে।
“আরব বিশ্বে সা¤প্রতিককালের ঘটনাবলীগুলোতে আমরা মানুষের উদ্বেগ ও আশা দুটোই প্রত্যক্ষ করেছি। যারা বিপ্লব ঘটিয়েছেন তারা যোগাযোগের জন্য সামাজিক গণমাধ্যম ও নতুন প্রযুক্তির ব্যবহার করেছেন।”
“স্বৈরশাসকের হাতে থাকে ট্যাঙ্ক আর সাধারণ মানুষের হাতে রয়েছে স্মার্ট ফোন ও সামাজিক যোগাযোগের সাইট,” বলেন ডি মারকো।
সম্মেলনে সারা বিশ্বের সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ স্থানে কাজ, কমনওয়েলথভুক্ত দেশগুলোতে গণমাধ্যম আইনের বিষয়ে আলোচনা হবে।
সম্মেলনে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটিও নির্বাচিত হবে। বাংলাদেশের হাসান শাহরিয়ার ২০০৩ সালে এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/আরএম/এমআই/২২১২ ঘ.
bdnews24