ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র বিমোচনে জাতীয় ও আঞ্চলিক পরিসরে গবেষণার লক্ষ্যে একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিল সংসদে উত্থাপিত হয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার ‘বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (২০১২)’ বিলটি সংসদে উত্থাপন করেন।
পরে স্পিকার বিলটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান।
একাডেমির প্রধান কার্যালয় গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলায় হবে। প্রয়োজনে যে কোনো জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপনের সুযোগও থাকছে।
দারিদ্র বিমোচনের লক্ষ্যে জাতীয় এবং আঞ্চলিক পরিসরে গবেষণার প্রাণকেন্দ্র হিসেবে একাডেমি কাজ করবে বলে বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়নে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্নমুখী গবেষণার জন্য সক্ষমতা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৩৭ ঘ.
bdnews24