বগুড়া, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা আগের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার শজিমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সৌবর্ণ রায় এ কথা জানান।
মঙ্গলবার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় অনির্দিষ্টকাল পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দেয়।
এর আগে শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আফজালুর রহমান মঙ্গলবার দুপুরে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে হামলার সঙ্গে জড়িতদের তিন দিনেও গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ইন্টার্ন চিকিৎসকরা।
এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকাল পূর্ণ কর্মবিরতি পালনের কথা ঘোষণা দিয়ে বেরিয়ে আসেন।
ডা. সৌবর্ণ রায় জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
ব্রিগেডিয়ার জেনারেল আফজালুর রহমান সাংবাদিকের বলেন, ‘‘ইন্টার্নদের অন্যতম দাবি ছিল সহকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা। প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে চিকিৎসকের ওপর হামলকারীদের একজন আদালতে আত্মসমর্পণ করেছে। আমার আশা তারা ধর্মঘট প্রত্যাহার করে নেবে।’’
চিকিৎসাধীন এক শ্রমিক নেতার মৃত্যুর ঘটনায় সহকর্মীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও হাসপাতালে নিরাপত্তাসহ পাঁচ দফা দাবি আদায়ে শজিমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ গত ২৯ জানুয়ারি ৩ দিনের আংশিক কর্মবিরতি (সকাল ১০টা থেকে দুপুর ২টা) শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২১২৪ ঘ.
bdnews24