মাদারীপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে মিছিলে পুলিশের হামলায় ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটির জেলা নেতারা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর শহরের রেন্ডিতলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, জেলা ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মফা, সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এসএম তুহিন, স্বেচ্চাসেবক দলের যুগ্মআহবায়ক শাহাদাত হোসেন, ইরাদ মুন্সী ও নাহিদ হোসেন।
তবে তারা কোথায় আছেন তা জানানো হয়নি।
মাদারীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ পারভেজ দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বিক্ষোভ মিছিল বের কলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় অংশগ্রহণকারীদের বেধড়ক পিটিয়ে মিছিল পণ্ড করে দেওয়া হয়।
পরে রাবার বুলেট ছুড়লে সদর থানা ছাত্রদলের আহ্বায়ক তাফসীর আহমেদ ফিরোজ ও যুবদল নেতা চৌধুরী আব্দুল্লা-আল-মামুন রাবার বুলেটবিদ্ধ হন বলে দাবি করেন মাসুদ।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে মাত্র। পুলিশ মারধর করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২০১৬
bdnews24