সাতক্ষীরা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মরগাং এলাকা থেকে লাশ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।
নিহত জেলে কওসার আলী মোড়ল (৫৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) তৌফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বনবিভাগের অনুমতি নিয়ে কওসার আলীসহ কয়েক জেলে সুন্দরবনের গহীনে কাঁকড়া ধরতে যায়। দুপুরে বনের বাধাল খালীর খালে কাঁকড়া ধরার সময় একটি বাঘ জেলে কওসারকে আক্রমণ করে বনের ভিতরে নিয়ে যায়।
এ সময় সঙ্গী অপর জেলেরা পাশে বনবিভাগের মরগাং টহল ফাাঁড়িতে খবর দিলে তাদের সহায়তায় বনবিভাগের সদস্যরা কওসার আলীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২০০৬ ঘ.
bdnews24