২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানে বেহাল সড়ক, সেখানেই কাদের

যোগাযোগমন্ত্রী দেখছেন, তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই সড়ক মেরামত হয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

সাতক্ষীরা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দেখছেন, তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই সড়ক মেরামত হয়ে যাচ্ছে। তাই বেহাল সড়কে জনদুর্ভোগ অবসানে দেশময় ঘুরে বেড়ানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিনি। শনিবার সাতক্ষীরায় গিয়ে ভাঙা সড়কের মেরামত দেখে কাদের এক পথসভায় বলেন, “আমি আসব বলে ভাঙাচুরো রাস্তা ঘাটের গর্তগুলো ভরাট করা হয়েছে। সে কারণেই যেখানে রাস্তা ঘাট বেহাল, সেখানেই আমি পৌঁছে যাচ্ছি।” সারাদেশে সড়কই বেহাল রয়েছে জানিয়ে বর্ষা মৌসুমের আগেই তার মেরামত কাজ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বেহাল মহাসড়ক নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই দুই মাস আগে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব হারান সৈয়দ আবুল হোসেন। এরপর এই দায়িত্বে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের। সড়ক মেরামতের কাজে দেরি না করার নির্দেশ দিয়ে তিনি বলেন, “হাতে সময় নেই, তাই এক দিনের কাজ এক ঘণ্টায় শেষ করতে হবে।” খুলনা থেকে সাতক্ষীরা হয়ে যশোর যাওয়ার পথে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড়, আঠারো মাইল, নোয়াপাড়া, মদনপুর, হরিশচন্দ্রকাটি ও তালা সদরসহ কয়েকটি স্থানে পথসভা ও মহাজোট নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কাদের। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সবার প্রতি ভাল আচরণ থাকা দরকার, তা না হলে ভোটের বাক্সে শূন্য পড়বে। ক্ষমতায় থেকে দাপট দেখালে লোকে কিছু বলবে না, তবে জবাব দেবে ব্যালটে।” কথা কম বলে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, “কাজ ভালো হয়েছে কি না, জনগণ তা দেখতে চায়। তারা উন্নয়ন দেখতে চায়। তাই এখনকার স্লোগান- কথা কম কাজ বেশি।” মন্ত্রী সাতক্ষীরা সড়ক ভবনও পরিদর্শন করেন। এরপর তিনি সাতক্ষীরা ছাড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৫ ঘ.