মেহেরপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলা থেকে শনিবার চরমপন্থী সন্দেহে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
একইদিন পৃথক অভিযানে গাংনী থানা পুলিশ চারটি বোমা এবং জেলা গোয়েন্দা পুলিশ একটি শার্টারগান উদ্ধার করেছে।
গাংনীর মটমুড়া নওদাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার লালন (৩২) মুনতাজ আলীর ছেলে।
র্যাব-৬ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাজ্জাদ রায়হান বলেন, লালন গাংনীর বিভিন্ন ইটভাটায় চাঁদাবাজি করে আসছিল। ইটভাটা মালিকরা তার বিরুদ্ধে র্যাব ক্যাম্পে একাধিক অভিযোগ করেছেন।
গোপন সংবাদ পেয়ে তাকে অটক করা হয়। তার কাছ থেকে গুলিভর্তি একটি শার্টার গান উদ্ধার করা হয় বলে সাজ্জাদ জানান।
লালন চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা) দলের সঙ্গে জড়িত বলে র্যাব জানায়।
গাংনী থানার ওসি গোলাম মোস্তফা বলেন, লানের বিরুদ্ধে মেহেরপুর ও গাংনী থানায় অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসের একাধিক মামলা আছে। এ ঘটনায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।
এদিকে গাংনী থানা পুলিশ উপজেলার ষোলটাকা গ্রামের একটি চাতাল মিলের পাশ থেকে পরিত্য অবস্থায় চারটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।
গাংনী থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “হাতে তৈরি বোমাগুলি খুবই শক্তিশালী। কোনো নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা বোমাগুলি এনেছিল।”
অপর ঘটনায় মেহেরপুর গোয়েন্দা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের ওয়াপদা মোড়ের একটি কুল বাগান থেকে গুলিভর্তি একটি শার্টার গান উদ্ধার করেছে।
মেহেরপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩১ ঘ.
bdnews24