২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় পোশাক কারখানার মালিক নিহত

গাজীপুরে বাসের চাপায় এক তৈরি পোশাক কারখানার মালিক নিহত হওয়ার পর বিক্ষুব্ধরা প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

গাজীপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বাসের চাপায় এক তৈরি পোশাক কারখানার মালিক নিহত হওয়ার পর বিক্ষুব্ধরা প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সোমবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় স্থানীয় নিপুন সোয়েটার কারখানার মালিক জাকির হোসেন (৪২) বাস চাপায় নিহত হন বলে পুলিশ জানায়। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাসের চাপায় জাকির হোসেনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা ও পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বেশ কিছু গাড়িতে ভাংচুর এবং একটি মাইক্রোবাস ও একটি পিক-আপ ভ্যানে অগ্নিসংযোগ করে তারা। নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাংচুর করেছে। তবে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। “সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।” এ এলাকায় বাস চাপে এর আগে গত ১৯ জানুয়ারি এক নারী পোশাক শ্রমিক এবং ৮ জানুয়ারি তিন পোশাক শ্রমিক নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০০০৮ ঘ.