ঢাকা/কুমিল্লা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিবির গুলিতে এক ভারতীয় নিহত হওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশের এক হাবিলদারকে তুলে নেওয়া হয়েছে।
হাবিলদার লুৎফর রহমানকে শুক্রবার সকালে সীমান্তের ভারতীয়রা তুলে নেওয়ার পর এখন তিনি বিএসএফের হেফাজতে রয়েছেন।
লুৎফরকে ছেড়ে দেওয়ার আশ্বাস সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে বিজিবি প্রধানকে দেওয়া হলেও শনিবার প্রথম প্রহরেও তিনি ফেরত আসেননি।
এর আগে দুপুরের পর কুমিল্লা সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর এক দফা পতাকা বৈঠক হলেও তাতে কোনো ফল আসেনি।
বাংলাদেশি সীমান্ত রক্ষীদের দাবি, নিহত ভারতীয় নাগরিক শাহ আলম মাদক চোরাচালানি। অন্যদিকে বিএসএফ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, নিহত শাহ আলম সাধারণ নাগরিক। বিজিবি সদস্যরা ভারতের সীমান্তে ঢুকে গুলি চালালে তিনি নিহত হন।
গুলি ও বিজিবি সদস্যকে তুলে নেওয়ার ঘটনাটি ঘটে সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের দলকুইয়া গ্রাম সীমান্তে।
বিজিবি কর্মকর্তারা সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৭টার দিকে একদল চোরাকারবারি দলকুইয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেনসিডিল পাচার করছিল। ওই সময় বিজিবির বৌয়ারা বাজার বিওপির হাবিলদার লুৎফুর রহমানের নেতৃত্বে তিন জনের টহল দল সীমান্তের ৮৮ নম্বর পিলারের কাছে চোরাকারবারিদের ধাওয়া করে এবং ফেনসিডিল আটক করে।
ধাওয়ার খবর পেয়ে পাচার করা ফেনসিডিলের মালিক ভারতের তারাপুকুর পাড়ের শাহআলম এবং তার সঙ্গীরা অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের সীমান্তের দেড়শ গজের ভেতরে ঢুকে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় বলে স্থানীয়রা জানান।
গলিয়ারা ইউনিয়ন পরিষদের সদস্য মিরাজ হোসেন শামীম ও সদস্য মোসলেম মিয়া সাংবাদিকদের জানান,
ওই সময় বিজিবি সদস্যরা গুলি ছুড়লে শাহ আলম (৪০) নিহত হন। তবে তার সঙ্গীরা লাশ এবং হাবিলদার লুৎফরকে (৫৫) ধরে সীমান্তের ওপারে নিয়ে যায়।
এই ঘটনায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপুরের পর তারাপুকুর সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসেন বিজিবি কর্মকর্তারা।
প্রায় দুই ঘণ্টা আলোচনার পর বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আক্তারুজ্জামান বীরপ্রতীক সাংবাদিকদের জানান, কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে সমস্যা সমাধানে চেষ্টা চালানোর কথা বলেন তিনি।
বিএসফের পক্ষে বৈঠকে অংশ নেন ২৯ ব্যাটালিয়নের গাউসভা ধনপুকুর ক্যাম্পের কমান্ডার একে হলব্রম ও ডেপুটি কমান্ডার অনিল কুমার।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের গোয়েন্দা বিভাগের প্রধান মেজর ইশতিয়াক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তারা (বিএসএফ) পতাকা বৈঠকে আমাদের বলেছে, লুৎফর ভালো আছেন। তবে তার সঙ্গে দেখা করতে বা কথা বলতে দিতে রাজি হয়নি তারা।”
লুৎফরকে ভারতীয় গ্রামবাসী ধরে নেওয়ার পর তিনি বিএসএফের হেফাজতে রয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমও জানায়।
এরপর শুক্রবার সন্ধ্যায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন টেলিফোনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান ইউ কে বানসালের সঙ্গে কথা বলেন।
আলোচনায় বিএসএফপ্রধান বিজিবি সদস্য লুৎফরকে অতি সত্বর ফেরত দেওয়ার আশ্বাস দেন বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এরপর বিজিবির পক্ষ থেকে দ্বিতীয় দফায় আরেকটি বৈঠকের প্রস্তুতি চলে। তবে বিজিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে শনিবার প্রথম প্রহর (রাত ১টা) পর্যন্ত হাবিলদার লুৎফরের ফেরত আসার কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত শাহ আলম ওই সীমান্তে ফেনসিডিল পাচারকারী চক্রের অন্যতম হোতা। তিনি পশ্চিম ত্রিপুরার সিপাইজলা জেলার তারাপুকুর পাড় গ্রামের আপতর আলীর ছেলে। সীমান্তের ৮৮ নম্বর পিলার ঘেঁষে অবস্থিত তার বাড়ি।
শাহ আলমের দুই ভাই হিরণ মিয়া ও আলম মিয়া এবং স্ত্রী সাজেদা বেগম সাজুও চোরাকারবারে জড়িত বলে স্থানীয়দের দাবি।
গলিয়ারা ইউনিয়ন পরিষদের সদস্য মিরাজ হোসেন শামীম ও সদস্য মোসলেম মিয়া জানান, বৌয়ারা বাজার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে যে ফেনসিডিল পাচার হয়, তা নিয়ন্ত্রণ করে আসছিল শাহ আলম। তার অধীনে রয়েছে ২৫/২০ জনের একটি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/জেকে/এমআই/০১৩৪ ঘ.
bdnews24