চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে দুই দিনের আবৃত্তি উৎসব। প্রতিষ্ঠার ২১তম বার্ষিকীতে এই উৎসবের আয়োজন করে আবৃত্তি সংগঠন প্রমা।
শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে বৃহস্পতি ও শুক্রবার এ উৎসবে আলোচনা সভা, আবৃত্তি বিষয়ক সেমিনার, একক ও বৃন্দ আবৃত্তি, বিভিন্ন প্রযোজনা পরিবেশিত হয়।
ভারতের পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পীসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০টি আবৃত্তি সংগঠন এ উৎসবে অংশ নেয়।
শুক্রবার সকাল ১১টায় শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের উৎসব শুরু হয়। এরপর বেলা ১২টায় বসে আবৃত্তি আড্ডা। বিকাল ৪টায় আবৃত্তি পরিবেশন শুরু হয়।
একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শিমুল মোস্তফা, রণজিত রক্ষিত, রাশেদ হাসান, কঙ্কন দাশ, ফারুক তাহের, শর্মিষ্ঠা বড়ুয়া প্রমুখ। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছ্বাস।
দেশের প্রচলিত লোক ছড়া নিয়ে প্রমা আবৃত্তি সংগঠনের শিশু বিভাগের প্রযোজনা ‘ঘুম পাড়ানির গান’, পল্লী কবি জসিম উদদীনের কাহিনী কাব্য ‘সোজন বাদিয়ার ঘাট’ ও ঢাকার ‘কণ্ঠশীলন’র রবীন্দ্রনাথের ‘গান্ধারীর প্রেম’ পরিবেশনের মধ্য দিয়ে দুই দিনের এ উৎসবের সমাপ্তি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/২১৪৩ ঘ.
bdnews24