২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণী পাচারকারী সন্দেহে গ্রেপ্তার ২

বাগেরহাটের মংলা উপজেলা থেকে বন্যপ্রাণী পাচারকারী সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 11:54 AM

Updated : 25 Apr 2022, 08:57 PM

বাগেরহাট, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা উপজেলা থেকে বন্যপ্রাণী পাচারকারী সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে শেলাবুনিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন কুমারখালী গ্রামের তরিকুল ইসলাম স্বপন (৪২) ও শেলাবুনিয়া গ্রামের শাজাহান সিদ্দিকী (৪৫)। মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেলাবুনিয়া গ্রামে শাজাহানের বাড়িতে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা বিভিন্ন বন্যপ্রাণী কেনাবেচার পরিকল্পনার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে শাজাহানকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা মোবাইল ফোন সেটে ধারণ করা তক্ষকের বেশকিছু ছবি পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কুমারখালী গ্রাম থেকে তার সহযোগী তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। “সুন্দরবনের বিভিন্ন বন্যপ্রাণীর ছবি ধারণ করে ক্রেতাদের আকৃষ্ট করে থাকে এ চক্রটি। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে জীবিত তক্ষক এবং হরিণ ও বাঘের চামড়া বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।” তবে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কোনো জীবিত বন্যপ্রাণী বা চামড়া পাওয়া যায়নি বলে জানান হাসানুজ্জামান। তাদের মংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭১৮ ঘ.