ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলিতে একটি সিলিং ফ্যানের কারখানায় অগ্নিকাণ্ডে শিশু শ্রমিকসহ ছয় জন দগ্ধ হয়েছে।
এরা হলেন- ইলিয়াস (২০), লাইজু বেগম (২৪), মনির হোসেন (২২), মো. রানা (১৪), আফজাল (১২) ও জুয়েল (২০)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্নস ইউনিটে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কদমতলির আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি ফ্যানের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে আলী আকবর নামে ওই কারখানার এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, ফ্যানের কয়েল বাঁধার পর রাসায়নিক দব্য লাগানোর সময় আগুন লাগে। এতে ছয় জনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
তাৎক্ষণিকভাবে অন্য শ্রমিকসহ আশেপাশের লোকজন আগুন নেভায় বলে জানান তিনি।
কারখানার ম্যানেজার দিলীপ মুখার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার সময় তিনি কারখানায় না থাকায় কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না।
দমকল বাহিনীর পোস্তগোলা স্টেশন ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, “আগুনের খবর পেয়ে রওনার হওয়ার কিছু পরে আগুন নিভে যাওয়ার খবর আসায় আমরা মাঝপথে ফিরে এসেছি।”
কদমতলি থানার ওসি শফিকুল উসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার পরপর তারা কোনো খবর পাননি। আহতরা হাসপাতালে ভর্তি হওয়ার পর অগ্নিকাণ্ডের কথা জানা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/০০২৬ ঘ.
bdnews24