নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে পাগলা দেলপাড়া মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ অগ্নিসংযোগ করেছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ওবায়দুল মোল্লার বোন হেলেনা আক্তার ও মা ময়মুনা খাতুন সাংবাদিকদের জানান, দেলপাড়ার ওবায়দুল মোল্লার বাঁশ-টিন নির্মিত বাড়িতে রাত ৩টায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে, আগুনে বাড়ির একাংশ ভস্মিভূত হয়েছে।
আশেপাশের লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
তাদের দাবি, সাড়ে সাত লাখ টাকা ও পাঁচ ভরি ¯¦র্ণ লুটের পর ঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
জমি নিয়ে চাচাত ভাই শাহজাহান মোল্লার পরিবারের সঙ্গে ওবায়দুলের বিরোধ চলছে।
তবে অভিযুক্ত শাহজাহান মোল্লার ছেলে এরশাদ মোল্লা এ অভিযোগ অস্বীকার করে বলেন, “ওবায়দুলের লোকজন এর আগে হামলা চালিয়ে আমার চাচা শামিন মোল্লা ও ভাই আবির মোল্লাকে কুপিয়ে আহত করে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২৪১ ঘ.
bdnews24